তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর উদ্যোগে নির্বাচনী-পরবর্তী দলীয় কার্যক্রম মূল্যায়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু।
সভায় বক্তারা সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত প্রদান করেন।বক্তারা বলেন, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর আদর্শ ও নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না। যারা নির্বাচনে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তাদের জন্য দলে কোনো স্থান নেই—এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, আগামী দিনে গণমানুষের আস্থা অর্জন করতে হলে সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান (বাপ্পী), কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল লতিফ মোড়ল ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রেকন, উপজেলা তাঁতী দলের সভাপতি শরীফ আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন এবং উপজেলা তরুণ দলের সভাপতি শেখ আলমগীর কবীর প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করতে পারস্পরিক সমন্বয়, ত্যাগ ও ঐক্যের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
