বি এম আলামিন, কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রায় নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তনজনিত স্থানচ্যুত মানুষের অধিকার সুরক্ষায় সেবা প্রদানকারী সংস্থা ও স্থানীয় অংশীজনদের (স্টেকহোল্ডার) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট ২০২৬ (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ওকাপ-এর চেয়ারম্যান শাকিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ওকাপ-এর নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী। সভায় ওকাপ-এর মূল বিষয়বস্তু ও কার্যক্রম উপস্থাপন করেন অনিমেষ গোস্বামী। এতে জলবায়ু সংকটজনিত অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং স্থানীয় অংশীজনদের সাথে সমন্বিত কাজের সুযোগ ও গুরুত্ব তুলে ধরা হয়।
মুক্ত আলোচনায় বক্তারা ন্যায়সঙ্গত অভিবাসন নিশ্চিত করা এবং উপকূলীয় কয়রা অঞ্চলের জলবায়ু উদ্বাস্তু জনগোষ্ঠীর সুরক্ষায় সরকারি-বেসরকারি সকল দপ্তরের কার্যকর ভূমিকার ওপর জোর দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা সমবায় কর্মকর্তা তানভির মাকসুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, সহকারী তথ্য অফিসার (তথ্য আপা), ওকাপ-এর প্রতিনিধি আজিজুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্লাহ আল বাকী বলেন, উপকূলীয় এলাকা হিসেবে কয়রার মানুষ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং মানবপাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
