মোঃ জাহাঙ্গীর হোসেন:
সাতক্ষীরার কলারোয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) উপজেলার পূর্বভাদিয়ালী রাজপুর চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যয়’-এর আয়োজনে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সম্মানিত কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
