কপোতাক্ষের ওপর ভাঙা সাঁকোয় থমকে জনজীবন, ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ
দৈনিক নতুন সূর্য ডেস্ক:সাতক্ষীরা ও যশোরের সীমান্তবর্তী কপোতাক্ষ নদের ওপর কাঠ ও বাঁশের তৈরি প্রায় ১৮০ ফুট দীর্ঘ সাঁকোটি ভেঙে পড়েছে ছয় মাস আগে। অথচ দীর্ঘ অর্ধবছরেও সাঁকোটি সংস্কার কিংবা বিকল্প নিরাপদ পারাপারের ব্যবস্থা হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় নদী পার হতে হচ্ছে আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষকে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্য; স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।স্থানীয় সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে এলাকাবাসী নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। স্থায়ী সেতু না থাকায় প্রতি বর্ষায় নদের প্রবল স্রোত ও কচুরিপানার চাপে সাঁকোটি ক্ষতিগ্রস্ত হওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। আগে মেরামত করে চলাচল সচল রাখা গেলেও এবার ধসে পড়ার পর ছয় মাসেও এটি পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের তদারকির অভাব, দায়িত্ব নিয়ে টানাপোড়েন এবং সংশ্লিষ্ট মহলের অসহযোগিতার কারণেই এ অচলাবস্থা কাটছে না।সাঁকোটি ভেঙে যাওয়ায় সাতক্ষীরার তালা উপজেলার সারসা, সানতলা, কৃষ্ণনগর, পাঁচপাড়া, সেনেরগাঁতী, সরুলিয়া, ধানদিয়া ও কুঠিঘাটা এবং যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী, কোমরপুর, চিংড়া, বগা, নেহালপুর, মহাদেবপুর ও রেজাকাটিসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত কঠিন হয়ে পড়েছে।সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটা সাগরদাঁড়ীর মধুপল্লীসংলগ্ন এ এলাকায় কলেজ, সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজ এবং সাগরদাঁড়ী মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ছোট নৌকায় ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। বর্ষায় পানি ও স্রোত বাড়লে দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন থাকেন অভিভাবকেরা। অনেক সময় দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে, প্রভাব পড়ছে পড়াশোনায়।যাতায়াতের সমস্যার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও।নদীর ওপারের অনেক গ্রামের মানুষের কেনাকাটা, কৃষিপণ্য বিক্রি ও দৈনন্দিন লেনদেনের প্রধান ভরসা সাগরদাঁড়ী বাজার। সাঁকোটি না থাকায় বাজারে মানুষের যাতায়াত কমেছে। বেড়েছে পণ্য পরিবহনের ভোগান্তি ও খরচ। এতে ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।এলাকাবাসীর অভিযোগ, অতীতে বহুবার স্থায়ী সেতু নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। এ নিয়ে পরিদর্শন ও জরিপও হয়েছে। কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ফলে বছরের পর বছর যশোরের কেশবপুর ও সাতক্ষীরার তালা উপজেলার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এ বিষয়ে কেশবপুর উপজেলা প্রকৌশলী এম এ জাসির জানান, সাগরদাঁড়ী ও সাতক্ষীরার সারসা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কপোতাক্ষ নদের ওপর স্থায়ী সেতু নির্মাণের একটি প্রস্তাবনা ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সেতুটি নির্মিত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে বলেও জানান তিনি।