
স্পোর্টস ডেস্ক:
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে পিসিবি ইতিমধ্যেই আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে যোগাযোগ করেছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় টুর্নামেন্টের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে আগ্রহী। তবে এখনো পিসিবি বা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পিসিবির একটি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের মানদণ্ড পূর্ণ করতে সক্ষম এবং পুরোপুরি প্রস্তুত। সূত্র আরও জানিয়েছেন, পাকিস্তান সাম্প্রতিক সময়ে একাধিক বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট সাফল্যের সঙ্গে আয়োজন করেছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি এবং আইসিসি উইমেনস কোয়ালিফায়ারের মতো টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের, বলে উল্লেখ করা হয়েছে।