
অনলাইন ডেস্ক:
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত থাকা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে তাদেরকে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সনদ জমা দিতে হবে। এ জন্য আগামী ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, যেসব প্রার্থী ইতোমধ্যে সনদের হার্ডকপি কমিশনে জমা দিয়েছেন, তাদেরও অনলাইনে গুগল ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের পর অর্থাৎ ৩১ মার্চের পরে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ১১ সেপ্টেম্বর এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।