শেখ শাহাজাহান আলী শাহিন:
কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আহসান হাবীব মন্টু (৫১) আর নেই।
বুধবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে প্যানক্রিয়াস ও ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান, অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও হাজার হাজার গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ জোহর জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার শোকাহত মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান শিক্ষার্থী, সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
জানাজায় উপস্থিত থেকে শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা ওমর আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতের আমির মোঃ কামরুজ্জামান, অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমানুল্লাহ আমান, আঃ রউফ, সুপার মাওলানা মোনায়েম হোসেন, আঃ সাত্তার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, অধ্যক্ষ মাওলানা আহমদ আলী এবং মরহুমের ভাই মোঃ আলতাফ হোসেন।
জানাজা শেষে মরহুম মোঃ আহসান হাবীব মন্টুর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা নামাজ পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আব্দুল বারী
দীর্ঘ শিক্ষকতা জীবনে আহসান হাবীব মন্টু অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
